বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে শর্ত বাতিল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারত ভ্রমণে আরোপিত শর্ত প্রত্যাহার করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ভারতে যাওয়ার শর্ত প্রত্যাহার সংক্রান্ত একটি অফিস আদেশ আখাউড়া ইমিগ্রেশনে এসে পৌঁছেছে।

বুধবার (১৮ আগস্ট) আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।

ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, করোনা (কোভিড) পরিস্থিতিতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ভারতে চিকিৎসার জন্য যেতে অনুমতি দেওয়া হতো। সম্প্রতি ভারতীয় দূতাবাস বাংলাদেশি যাত্রীদের জন্য ভারতের ভিসা অফিস খুলে দেয়।

আব্দুল হামিদ আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যয়নপত্র প্রদানের শর্ত তুলে নেওয়ায় ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চিকিৎসাসহ অন্য ক্যাটাগরি চালু থাকা ভিসায় ভারত যাওয়া যাবে। এজন্য আগের মতোই আরটিপিসিআর টেস্ট সার্টিফিকেট থাকা লাগবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ এপ্রিল ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরে কয়েক দফা তা বাড়ানো হয়। সর্বশেষ ১৫ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ থাকে।

তবে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম সচল ছিল বাংলাদেশ-ভারতের। আর বিশেষ অনুমতি নিয়ে চিকিৎসা ভিসার পাসপোর্টধারী যাত্রীরা ভারতে যেতে পারতেন। ওই অনুমতির শর্ত তুলে নেওয়ায় কার্যত খুলেছে ভারত-বাংলাদেশ সীমান্ত।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর