নবীনগরে দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান বহিষ্কার
পদ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এম আসলাম মৃধা। মাদক কেনাবেচা,মাদক সেবন,টিআর-কাবিখা খাতের অর্থ আত্মসাৎ এবং জন্ম ও মৃত্যু সনদে অতিরিক্ত অর্থ আদায়,দুর্নীতি,অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের অনাস্থার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার তাকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম মৃধার বিরুদ্ধে মাদকগ্রহণ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অসদাচরণ, সংরক্ষিত মহিলা সদস্য লিপি আক্তারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও জুতা পেটা করা, সরকারি ভাতাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, সরকারি ভিজিডির টাকা নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ এনে ইউপির সদস্যরা ওই চেয়ারম্যানের অপসারণের দাবি মানববন্ধন এবং ১২ জন ইউপি সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অনাস্থা দেন৷
কাইতলা ইউনিয়নের ১২ জন অনাস্থা জ্ঞাপনপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দাখিল করলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন ৩৯ (১৩) ধারা মোতাবেক অনুমোদন হয়।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ আবু জাফর রিপন পিএএ, গত সোমবার চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিককে অফিস আদেশ দেন।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম, অসৌজন্যমূলক আচরণ ও অনাস্থার পরিপ্রেক্ষিতে কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আসলাম মৃধার পদটি শূন্য ঘোষণা করা হল।
মোঃ আক্তারুজ্জামান/বার্তা বাজার/টি