বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেনপটিয়ার এমপি (চট্টগ্রাম-১২) ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

বুধবার (১৮ আগস্ট) পটিয়ার যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে মামলাটি দায়ের করা হয়। হুইপের পক্ষে মামলাটি করেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার শীল।

তিনি বলেন, হুইপ ও তার ছেলের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন, কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন সংবাদমাধ্যম। এসব মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে তিনি সামাজিক ও রাজনৈতিক সম্মানহানির শিকার হয়েছেন।

মামলার বিবাদীরা হলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ ২৪ এর সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠের রিপোর্টার এস এম রানা, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান রিমন, রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মোহাম্মদ সেলিম।

মামলার এজাহারে বলা হয়েছে, জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছিল বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন গণমাধ্যম কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ এবং নিউজ ২৪ এ।

এতে আরো বলা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে সায়েম সোবহান আনভীর ব্যক্তিগত আক্রোশে ও শত্রুতামূলকভাবে বাদী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছে।

একাধারে মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে মামলার বাদী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের দ্বারস্থ হোন এবং ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর