প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে। আমরা ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরো অনেক দূর যেতে হবে। সেই পরিকল্পনাও আমরা নিয়েছি।
বুধবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিবসভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলো মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, তৃণমূল পর্যায়ের মানুষগুলোর যেন একটা উন্নত জীবন পায়। তারা যেন দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগটা যেন তারা পায়।
শেখ হাসিনা বলেন, যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এভাবেই যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে আমাদের কার্যক্রম চালাতে হবে। তার ভিত্তিটা আমরা তৈরি করেছি, সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আমাদের একটাই লক্ষ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চেয়েছিলেন। আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।
বার্তা বাজার/নব