তিতাসে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লার তিতাস উপজেলার জাতীয় শ্রমিকলীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার ও রাজনৈতিক প্রতিহিংসামূলক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যেমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মৌসুমী আক্তারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) তিতাস প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন সদ্য বহিষ্কৃত নেত্রী মৌসুমী আক্তার।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানিমূলক মামলায় জেল হাজতে প্রেরণ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, গত ৯ আগস্ট আখি নামের একটি মেয়েকে সন্দেহমূলক ভাবে পার্শ্ববর্তী উপজেলা হোমনায় আটক করা হয়েছে বলে অপরিচিত একটি মোবাইল নাম্বার দিয়ে দুপুরে আমাকে কল করে জানায় এবং আখির সাথে আমার সম্পর্ক কি জানতে চায়। আমি মোবাইল ফোনে অপর প্রান্তে থাকা লোকটিকে বলি আখি আমার ফ্লাটের নিচে ভাড়া বাসায় থাকে। তখন তারা আমাকে হোমনায় যেতে বললে আমি যাই।

যাওয়ার পর হোমনা থানার ওসি বাদিকে জোরপূর্বক মামলা দিয়ে আমাকে ছিনতাই মামলায় ফাঁসিয়েছে এবং আমার হাতের মোবাইলটি ফেরত আনতে হোমনা থানার এসআই শুভ কুমার শুর পাঁচ হাজার টাকা চেয়েছিল পরে তিন হাজার টাকার বিনিময়ে মোবাইলটি আনতে হয়েছে। আমি এ ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সুষ্ঠু বিচারের দাবী করছি।

এছাড়াও তিনি আরো বলেন, আমি শ্রমিকলীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ ফেরত চাই। দোষ প্রমাণের আগেই আমাকে কিভাবে দোষী প্রমাণ করলো। আর তাদের বহিষ্কার আদেশও সঠিকপন্থায় হয়নি।

এই বিষয়ে মামলার বাদি মোঃ মনু মিয়া বলেন, আমাকে টাকা ফেরত দিবে বলে স্বাক্ষর নেয়। পরে শুনি মামলায় স্বাক্ষর নিয়েছে। আসলে আমি মামলা করতে চাইনি। আমি এখনো টাকা ফেরত পাইনি। আর মৌসুমীর কোন দোষ নেই। সে ছিনতাই চক্রের সাথে ছিল না।

এই বিষয়ে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, বাদীকে জোর করে মামলা করা হয়নি। মনু মিয়ার টাকা কি ছিনতাই হয়নি? আর এসআই শুভ কুমার শুরের বিরুদ্ধে যদি এমন কোন অভিযোগ পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ আসলাম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর