স্ত্রী হত্যা: এসপি বাবুল আক্তারের জামিন আবারও নামঞ্জুর

চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন ফের নাকচ করেছেন আদালত।

বুধবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরী জানান, আদালতে বাবুল আক্তারের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ও বাদীপক্ষে অ্যাডভোকেট আহসানুল হক হেনা।

এর আগেও গত ১০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালতে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বাবুল আক্তারের জামিন না মঞ্জুর করেছিলেন আদালত।

জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর ওআরনিজাম রোডে সন্তানকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে বাবুল আক্তারের দায়ের করা মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে তারই সম্পৃক্ততা পায় পিবিআই। গত ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। একইদিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন।

বাবুল আক্তার ছাড়া মামলার বাকি সাত আসামি হলেন, মোঃ কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে ভোলাইয়া (৪১), মোঃ মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭), মোঃ আনোয়ার হোসেন (২৮), মোঃ খায়রুল ইসলম ওরফে কালু (২৮), সাইদুল ইসলাম সিকদার (৪৫) ও শাহজাহান মিয়া (২৮)।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর