অধ্যক্ষকে মারধর করা সেই নারী কর্মচারীর বিরুদ্ধে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলের ওপর অতর্কিতভাবে হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলার শিকার অধ্যক্ষ নিজেই বাদী হয়ে বুধবার (১৮ আগস্ট) মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৭।
মামলায় একমাত্র আসামি করা হয়েছে অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকেই। ফরিদা ইয়াসমিনের স্বামী আলম বেপারী সাফা বাজারের একজন ব্যবসায়ী।
অভিযোগ রয়েছে, স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় কলেজের নিয়ম কানুন মানেন না সাবিনা ইয়াসমিন।
অধ্যক্ষকে মারধরের ঘটনার দিনই সোমবার (১৬ আগস্ট) হামলাকারী নারী কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। স্মারক নং-এসডিসি ১৪/২০২১। তার বিরুদ্ধে কেন আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি এখন পর্যন্ত কোনো জবাব দিতে পারেননি।
হামলা শিকার অধ্যক্ষ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে বুধবার সকালে ছাড়পত্র নিয়েছেন।
মামলা ও আসামী গ্রেপ্তারের ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদলকে ফোন দিয়ে তার বক্তব্য পাওয়া যায় নি।
মো. শাহজাহান/বার্তা বাজার/এসজে