আগ‌স্টের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে গণআন্দোলন: চরমোনাই

আগস্টের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে দেশব্যাপী গণআন্দোলন হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি বলেন, দেশের সবকিছু স্বাভাবিকভাবে চললেও করোনাভাইরাসের দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এটা দুরভিসন্ধিমূলক চক্রান্ত ছাড়া আর কিছুই না। আগস্টের মধ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, অন্যথায় দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর হল চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শতভাগ যাত্রী নিয়ে বাস, লঞ্চ, ট্রেন চলছে। শপিংমল, হোটেল রেস্তোরা, সিনেমা হল, পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। সবগুলোই স্বাভাবিকভাবে চলছে। এমন পরিস্থিতিতে কেবল বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, ৫১৯ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যুক্তি নেই। জনবান্ধন কোনো সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান, চলতি মাসের মধ্যেই কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। নইলে দেশব্যাপী গণআন্দোলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর