পরীমনিকে আরও ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন, কাল শুনানি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে আরও ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে সিআইডি।

বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আগামীকাল (১৯ আগস্ট) এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এর আগে গত সোমবার (১৬ আগস্ট) একই আদালতে পরীমনির জামিন আবেদন করেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান। পরে আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

এরপর ৫ আগস্ট পরীমনির চারদিন ও ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফায় রিমান্ড শেষে ১৩ আগস্ট তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর