ডেপুটি স্পিকার গুরুতর অসুস্থ, নেয়া হচ্ছে ভারতে

গুরুতর অসুস্থ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হচ্ছে।

বুধবার (১৮ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতে নেওয়া হচ্ছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, গত জুন মাসে রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। নানা জটিলতা দেখা দেয়। ফলে এক প্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালটেন্ট সার্জন এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড ভারতীয় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। এরপর তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।

পারিবার সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকারের অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না।

ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ডেপুটি স্পিকারকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বেনাপোল নেওয়া হবে। সেখান থেকে সীমান্ত পার হয়ে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু (দমদম) বিমানবন্দরে নেওয়া হবে। এরপর উড়োজাহাজে করে মুম্বাই যাওয়ার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তার সঙ্গে দুই মেয়ে ও এক মেয়ে জামাই যাচ্ছেন বলে জানা গেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর