বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্য আটক
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার তেতুলিয়া নদী থেকে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত মহসিন বাহিনীর সক্রিয় ২ সদস্যকে আটক করেছে। বুধবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি বেইস ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলাধীন তেতুলিয়া নদীর গঙ্গাপুর লঞ্চঘাট এলাকায় ডাকাত মহসিন বাহিনীর আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ডাকাত মহসিন বাহিনীর অন্যতম দুই সক্রিয় ডাকাত সদস্য মোঃ হাসান (৫৫) এবং মোঃ রাকিব (২৫) কে ০৩ টি দেশীয় পিস্তল, ০৪ টি রামদা, ০৫ টি দেশীয় দা, ০১ টি দেশীয় কুড়াল, ০৬ টি টর্চ লাইট, ০১ টি বাইনোকুলার, ০৩ টি মোবাইল ও দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি (০১ টি দেশীয় অস্ত্রের ব্যারেল, ০২ টি পাইপ, ১৯ টি স্প্রিং, ০১ টি ফায়ারিং পিন, ০১ টি ড্রিল মেশিন, ০২ টি এ্যাডজাস্টেবলস, ০৩ টি হাতুড়ি, ০২ টি হ্যাকসো ব্লেড ও ০৩ টি করাত) এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০২ টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ আটক করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত মহসিনসহ দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
আটককৃত ডাকাত সদস্যদ্বয় যথাক্রমে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন পশ্চিম জয়নগর এলাকার মৃত মোঃ জালু রাঢ়ি এবং কুখ্যাত ডাকাত মহসিনের ছেলে।
পরবর্তীতে ডাকাত সদস্যদের অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামালসহ বোরহান উদ্দিন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জনপিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহৃত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।
অনিক/বার্তা বাজার/এসজে