পিকনিকের ট্রলারের সাথে বালুবাহী ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ২

ময়মনসিংহের ভালুকায় বালু বহনকারী ট্রলারের সাথে পিকনিকের যাত্রী বহনকার ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়নের উরাহাটি ফকিরবাড়ি মোড় এলাকায় ক্ষীরু নদীতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

জানা যায়, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফরা মঙ্গলবার সকালে পিকনিকের উদ্দেশ্যে ট্রলারযোগে বের হয়। রাত ৮ টায় ফেরার পথে ত্রিমোহনী সংলগ্ন উরাহাটি ফকির বাড়ি মোড় এলাকায় একই দিক হতে আসা বালু বহনকারী একটি ট্রলারের সংঘর্ষ হলে ঘটনাস্হলে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা যাত্রীরা সাতরিয়ে তীরে উঠলেও ডাঃ অমিত ও তানভীর নামে ২ জন নিখোঁজ হন।

খবর পেয়ে ভালুকার ফায়ার সার্ভিসের একদল ডুবুরি উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নির্বাহী অফিসার সালমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা বার্তা বাজারকে জানান, ডাক্তারদের একটি দল পিকনিকের উদ্দেশ্য নৌকা ভ্রমনে যায়। রাতে ফেরার পথে তাদের বহনকারী ট্রলারটির সাথে বালু বহনকারী ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছে।

আরিফুল হক পলাশ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর