বাহাত্তরের সংবিধান জাতির অসাধারণ সম্পদ: টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাহাত্তর সালের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, বাঙালি জাতির অসাধারণ সম্পদ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে ধ্বংস করার মাধ্যমে
বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুসরণের মাধ্যমেই তাঁর প্রতি যথার্থ সম্মান জানানো সম্ভব।
মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ
উপস্থাপন করেন লেখক ও গবেষক লে: কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির।
মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের পথই হচ্ছে সঠিক পথ উল্লেখ করে বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুর পথে চলা। বঙ্গবন্ধুকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীর বহু দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছে। বঙ্গবন্ধুর সাথে অন্যদের পার্থক্য হচ্ছে বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতিকে একত্রিত করে
যুদ্ধ করেছেন। এই যুদ্ধে মায়েরা বোনেরাও অবদান রেখেছেন।
মোস্তাফা জব্বার বলেন, স্বাধীনতার পর যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু টিএন্ডটি বোর্ড প্রতিষ্ঠা. বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপন, আইটিইউ ও ইউপিইউ-এর সদস্যপদ অর্জনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তা আজ মহীরূহে রূপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বার্তা বাজার/এসজে