নোয়াখালীর ভাসানচর থেকে সাগরপথে পালানোর সময় নৌডুবির ঘটনায় আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) সারাদিনের অভিযান শেষে বঙ্গোপসাগর থেকে এক পুরুষ ও ৬ শিশুর মরদেহ উদ্ধার করে নৌবাহিনী।
সোমবার (১৬ আগস্ট) রাতে উদ্ধার করা আরও ৪ মরদেহসহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১১ রোহিঙ্গার নিথর দেহ।
এ বিষয়ে নোয়খালীর এসপি শহীদুল ইসলাম জানান, রোহিঙ্গাদের নিয়ে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত মোট১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত উদ্ধার করা হয়েছে ১১ জনকে।
ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত সময় পানিতে থাকায় মরদেহগুলো বিকৃত হয়ে গেছে। সেগুলো শনাক্তের চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কাঠের নৌকায় চড়ে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৩০-৪০ জন রোহিঙ্গা নাগরিক। পরে তারা ভাসানচর থেকে আনুমানিক ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের কাছাকাছি এলাকায় দুর্ঘটনায় পতিত হয়।
বার্তা বাজার/এসজে