কক্সবাজারের চকরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন উরুফে নোবেল (৪২) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর ১টা নাগাদ ২০/২৫ জন সশস্ত্র সন্ত্রাসীরা সিকদার পাড়ার মুবিন চর এলাকায় গিয়ে অতর্কিতভাবে গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দিন উরুফে নোবেলসহ ১১ জন আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
চকরিয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহ ফয়সাল আহমাদ ফাহিম বার্তা বাজারকে জানান, নাছিরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে নিহত নাছিরের স্বজনদের দাবী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিল বলে প্রতিপক্ষরা তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে।
চকরিয়া থানার ওসি শাকের মো. জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘বার্তা বাজার’কে বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা বাজার/এসজে