বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনে হয়েছে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিশ্বের কোথাও এমন কোন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি, যেখানে একজন নেতাকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকান্ডের বিচার প্রচলিত আইনে হয়েছে। তবে অনেক প্রশ্নের সমাধান এখনও পাওয়া যায়নি, এ হত্যাকাণ্ডের নেপথ্যে কি হয়েছিল? এখন সময় এসেছে সমন্বিত ফ্যাক্ট এন্ড ফাইন্ডিং কমিটি করে এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদেরকে খুঁজে বের করে বিচার করা।

তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিব সারাজীবন বাঙালির অর্থনৈতিক মুক্তি ও অসম্প্রদায়িক রাজনীতি করেছেন। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ ও জাতি গঠনে বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন।

মন্ত্রী আরো বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাই এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন, বিসিকের মতো প্রতিষ্ঠানগুলোকে আরো প্রণোদনা দেয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে রূপকল্প নিয়ে এগিয়ে যাওয়ার পথে এগুচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিল্পমন্ত্রী মঙ্গলবার (১৭ আগস্ট) ভার্চুুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং মুখ্য আলোচক ছিলেন জাতীয় জাদুঘরের বোর্ড অভ্ ট্রাস্টিজ এর সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আওয়ামী লীগ থেকে অনেককেই সুবিধা নিতে দেখা গেলেও ১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানাতে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী বা পেশাজীবীদের কাউকে পাওয়া যায়নি। বঙ্গবন্ধুকে রক্ষা করা যাদের দায়িত্ব ছিল তারা তখন কি করেছিল, কমিশন গঠন করে তা বের করতে হবে। ১৫ আগস্টের পর যারা জীবনবাজি রেখে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল তাদেরকে বাধা দেয়া হয়েছিল। অন্যদিকে, বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে যারা জীবনবাজি রেখে চেষ্টা করেছেন, তাদের খোঁজ কেউ রাখেনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর