নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) ও আনোয়ারা বেগম (৬৫) নামে দুই পথচারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী যাত্রীবাহী বাসটি ভাংচুর করে এবং পরে এতে অগ্নিসংযোগ করে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর হাজী বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলো, শিবপুর উপজেলার শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও একই উপজেলার সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলীর স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার হাজী বাগান এলাকায় পৌছলে রাস্তা পারাপারের সময় পথচারী রোকেয়া ও আনোয়ারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যূ হয়। এসময় বাসের ধাক্কায় আহত হয় তানজিনা (১৫) নামে অপর একজন।
দুর্ঘটনার পরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় চালককে ধাওয়া দেয় স্থানীয়রা। পরে উত্তেজিত এলাকাবাসী বাসটিতে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার প্রায় ঘন্টা খানেক পর দমকল বাহিনি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রনে আনে।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আমারা ঘাতক বাসটিকে আটক করেছি।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/এসজে