ঝুঁকিপূর্ণ ভবনে সলিমগঞ্জ-বড়িকান্দি ইউনিয়ন পরিষদের কার্যক্রম

ইউনিয়ন পরিষদ হলো গ্রামের সাধারণ মানুষের সবচেয়ে কাছের সেবা প্রদান প্রতিষ্ঠান। ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, নারী-পুরুষ সকল ধরনের মানুষকে গুরুত্বপূর্ণ সেবা গ্রহণে ইউনিয়ন পরিষদে যেতে হয়। এ জন্য বলা হয়ে থাকে ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স তৈরি হলেও সেখানে বসার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, বসার পরিবেশ, দৃষ্টিনান্দনিকতার কোনোটাই সন্তোষজনক নয়। যে সকল ইউনিয়ন পরিষদে এখনও কমপ্লেক্স তৈরি হয়নি সেগুলোর অবস্থা আরো খারাপ। মাথায় ছাদ ধসে পড়ার ঝুঁকি নিয়ে কাজ করছে পরিষদের স্টাফ ও জনপ্রতিনিধিরা।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রয়েছে ২১টি ইউনিয়ন পরিষদ। এর মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে নতুন কমপ্লেক্স হয়েছে। এখনও কমপ্লেক্স হয়নি উপজেলার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নে। এর মধ্যে সলিমগঞ্জ ও বড়িকান্দি এই ২টি ইউনিয়ন পরিষদ অধিকতর ঝুঁকিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাথায় পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনার আতঙ্ক নিয়ে কাজ করছেন জনপ্রতিনিধি, সচিব ও ডিজিটাল সেন্টারের কর্মকর্তারা। এর মধ্যে কয়েকজনের গায়ে পলেস্তারা খসে পড়ায় এই আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

এছাড়াও সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিলিং ফ্যান, কম্পিউটার ও ইউনিয়ন পরিষদের ভিতরে থাকার বিভিন্ন আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। একটি সূত্র জানায়, পরিষদের জন্য উপযুক্ত জায়গা না পাওয়ায় এ সকল ইউনিয়ন পরিষদে কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদটি হাটের জায়গার ওপর আছে। পরিষদের নতুন কমপ্লেক্স নির্মাণে জায়গা না পাওয়ায় ভবন নির্মাণ করা যাচ্ছে না। এ বিষয়ে এলাকাবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারা উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার পারভেজ (হারুত) জানান, ঝুঁকিপূর্ণ ভবন বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এলজিডি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আশা করি নতুন ভবন আমরা অচিরেই পেয়ে যাব।

এ বিষয়ে নবীনগর উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম জানান, সলিমগঞ্জ ইউনিয়নের জন্য উপযুক্ত জায়গা এখনও পাওয়া যায়নি। এর মধ্যে বড়িকান্দি ইউনিয়ন পরিষদসহ সকল ইউনিয়নে কমপ্লেক্স ভবন নির্মাণের চাহিদাপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। জায়গা পেলেই সকল ইউনিয়ন পরিষদে কমপ্লেক্স নির্মাণ করা হবে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, আশা করছি অচিরেি বড়িকান্দি ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মিত হবে। তবে সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের জন্য পরিমাণ জায়গা না থাকায় কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হচ্ছে না। বর্তমান ভবনটি দ্রুত সংস্কারের কাজ করে দেওয়া হবে।

আক্তারুজ্জামান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর