বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারের ইয়ারপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান (শাহেদ) এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) বিকালে ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকায় ধানমন্ডি রোটারী ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান (শাহেদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি শোকাবহ ১৫ আগষ্ট নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম-আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান।

এসময় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, মানব সভ্যতার ইতিহাসে ১৫ আগষ্ট একটি ঘৃণিত দিন। এই দিনে এমন ভয়াবহ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। আপনারা জানেন হত্যাকারীদের বিচার থেকে রেহাই দিয়ে জারি করা হয়েছিলো কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ। সেই অধ্যাদেশ বাতিলের পর দেরিতে হলেও বিচারকাজ সম্পন্ন হয়েছে। কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে। অন্যরা পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। পলাতক খুনিদের দেশে এনে তাদের শাস্তি কার্যকর করতে সরকার কাজ করছে।

ডা. এনামুর রহমান আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে আমাদের। পাশাপাশি নিজেদের চাওয়া-পাওয়া ভুলে দল মত নির্বিশেষে জাতির জনকের আদর্শে দেশকে সামনের দিকে এগিয়ে নেবো আমরা। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন বঙ্গবন্ধু অমর থাকবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য দুলাল তালুকদার, মোশাররফ হোসেন মুসা, ইয়ারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউ মাদবর, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নাজিম উদ্দীন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল মাদবর, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি স্বপন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি আমিনুল ইসলাম আকাশ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠান আয়োজকের পক্ষ থেকে গণভোজের আয়োজন করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর