রংপুরে কোচিংয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা: শিক্ষক কারাগারে

অভিযুক্ত শিক্ষক বিপুল চন্দ্র। ছবি- বার্তা বাজার

রংপুরের পীরগাছায় কোচিং ক্লাস করার সময় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

অভিযোগ উঠেছে প্রভাবশালীদের চাপে ওই ছাত্রীর পরিবার থেকে কোনো মামলা করা হয়নি। অভিযুক্ত শিক্ষক বিপুল চন্দ্র (৪৫) পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণীকুন্ডা গ্রামের পুন্ন চন্দ্রের ছেলে।

তবে পুলিশ ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠালে মঙ্গলবার (১৭ আগস্ট) অভিযুক্ত বিপুল চন্দ্রকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী ইউনিয়নের পাওটানা বাজারে অ্যাম্বিশন কোচিং সেন্টারে ক্লাস করতেন। সোমবার (১৬ আগস্ট) দুপুরে ক্লাসের জন্য গেলে অন্য শিক্ষার্থী ও কোচিংয়ের কেউ না থাকার সুযোগে একটি কক্ষে কৌশলে ডেকে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন বিপুল চন্দ্র।

ওই শিক্ষার্থী বাঁধা দিয়ে এক পর্যায়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্তকে আটক করেন। পরে ইউনিয়ন পরিষদে তাকে নিয়ে আটকে রাখেন এলাকাবাসী।

ওইদিন রাত ১০ টার দিকে প্রভাবশালীরা বিষয়টি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে সমাধানের জন্য বসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন পুলিশ পাঠিয়ে শালিসি বৈঠক পণ্ড করে দেন। পরে বিপুল চন্দ্রকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করে বলেন, পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোচিং শিক্ষক বিপুল চন্দ্রকে আটক করা হয়। আটকের পর স্বাভাবিকভাবে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠান। তবে ওই ছাত্রীর পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

রকি আহমেদ/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *