আফগানদের জায়গা না দিয়ে প্রধানমন্ত্রী ভুল করেছেন: জাফরুল্লাহ

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সেখানকাল কিছু লোকদের বাংলাদেশে আশ্রয় দিতে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার।

এদিকে আফগানিস্তানের লোকদের আশ্রয় না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় ভুল করেছেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের আশ্রয় না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় ভুল করেছেন। এই ঘটনার মাধ্যমে শেখ হাসিনা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যে স্বপ্ন, সেটি থেকে অনেক দূরে সরে গিয়েছেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আফগানিস্তান বিপদে পড়েছে, সেখান থেকে কিছু লোক আমাদের এখানে আসলে অসুবিধা হবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের একটা জায়গা হতো।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুব মিশনের আহ্বায়ক ইমরুল কায়েস, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর