অবশেষে জিআর টাকা বিতরণ করলেন গাইবান্ধা ইউপি চেয়ারম্যান
বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ায় অবশেষে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে গত কোরবানি ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ পরিস্থিতিতে ‘মানবিক সহায়তা কর্মসূচী’ জেনারেল রিলিফের (জিআর) টাকা সুবিধাভোগিদের মাঝে বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পোড়ারচরস্থ ইউনিয়ন পরিষদের ভবন চত্বরে টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল।
উপজেলা ত্রাণ শাখা সূত্রে জানা যায়, কোরবানি ঈদ উপলক্ষে উপজেলার ১২ টি ইউনিয়নের প্রতিটিতে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫০০ পরিবারে ৫০০ টাকা মাথাপিছু হারে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার।
দীর্ঘদিন পেরিয়ে গেলেও গাইবান্ধা ইউনিয়নে টাকা বিতরণ তো দূরের কথা সুবিধাভোগিদের নামের তালিকাও করা হচ্ছিল না। কেউ বলতেও পারছিলেন না কারা ওই টাকা পাবেন। টাকা বিতরণ করা হবে কি-না, এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।
এ ব্যাপারে সম্প্রতি জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে ‘ঈদের ত্রাণের টাকা বিতরণ হয়নি এখনো’ শিরোনামে খবর প্রকাশ হয়। এতে প্রশাসনে টনক নড়ে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে টাকা বিতরণে তাগাদাপত্র দেয়া হয় গাইবান্ধা ইউপি সচিব ফিরোজুল আলমকে। ফলশ্রুতিতে অবশেষে টাকা বিতরণ শুরু করা হয়।
স্থানীয় বাসিন্দা আপেল সরদার, নজরুল, রুস্তমসহ অনেকেই বলেন, ‘পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় দরিদ্রদের মাঝে ত্রাণের টাকা বিতরণ শুরু হয়েছে।’
পিআইও মেহেদী হাসান টিটু জানান, ‘দীর্ঘদিনেও টাকা বিতরণ না করায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার নির্দেশে টাকা বিতরণের জন্য আমরা একাধিকবার তাগিদ দিয়েছি। আজ থেকে সুস্থভাবে দরিদ্র ও দুস্থদের মাঝে টাকা বিতরণ করা শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোরশেদ বলেন, ‘জিআরের টাকা বিতরণ বিলম্ব করা ঠিক হয়নি।’
ইয়ামিন মিয়া/বার্তা বাজার/এসজে