ফরিদপুরের সালথার মীরকান্দি গ্রামের ভ্যানচালক লাভলু ফকিরকে (৪০) হত্যা করে তার ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলা দায়েরের পাঁচদিনের মধ্যেই এ ঘটনার রহস্য উন্মোচন করলো সালথা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, হাতেম ফকির (৩২), সোহাগ মাতুব্বর (২২), মিলন মীর (২৫), ওহিদ গাজী (৩২) ও আজিজুল খান (২৬)। এদের সকলের বাড়ি সালথা উপজেলার বিভিন্নস্থানে। সোমবার (১৬ আগস্ট) দিনগত রাত পর্যন্ত বিভিনস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গত ৯ আগস্ট রাতে সালথার মীরকান্দি গ্রামের হোসেন ফকিরের ছেলে লাভলুকে খুন করে তার ভ্যানগাড়িটি লুট করা হয়। পরেরদিন সকালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী হনুফা বেগম ১২ আগস্ট সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম (ডিএসবি) জানান, পূর্ব পরিকল্পনা করে লাভলুকে খুন করে তার ভ্যানগাড়িটি ছিনতাই করা হয়। আটক আসামীরা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর আসামীদের দেওয়া তথ্যমতে ভ্যান গাড়ীটির এসব অংশ উদ্ধার করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে