এবার আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এবার আশুরায় তাজিয়া মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে সরকার।

মঙ্গলবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্টের জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।

তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। আশুরা হলো ইসলামের একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবস।

হিজরি ৬১ সনের ১০ মহররম (এই দিন) কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকে। আশুরা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা আশুরার দিন এবং আগে বা পরে একদিন রোজা রাখেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর