টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় মঙ্গলবার নতুন করে ১৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন আর উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১৫ হাজার ৭৫৪ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ২৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুরে ২৭, গোপালপুরে ২৫, সদরে ২৩, নাগরপুরে ১৬, মধুপুরে ১৬, ঘাটাইলে ১৩, কলিহাতীতে ১০, ভূঞাপুরে ৪, দেলদুয়ারে ৪, বাসাইলে ৩, সখীপুরে ২ ও ধনবাড়ীতে ১ জন রয়েছে।করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ১০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৮২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ১৫ হাজার ৭৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৮১ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এখন ভর্তি রয়েছে ৪১ জন। এর মধ্যে আইসিইউ বেডে ৫ জন ও জেনারেল বেডে ৩৬ জন রয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হুসাইন চৌধুরী বলেন, টিকা দেওয়ার কারণে শনাক্তের হার দিন দিন কমে আসছে। গত সোমবার (১৬ আগস্ট) পর্যন্ত অ্যাস্ট্রোজেনেকার টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৭৬ ডোজ। মজুদ আছে ৭ হাজার ৫০০ ডোজ। সিনোর্ফামার টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১২১ ডোজ। মজুদ আছে ২৩ হাজার ৬০০ ডোজ।

হাসান সিকদার/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর