শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না: ফখরুলকে কাদের

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিয়েছেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন আমাদের নাকি রাজনীতির শিষ্টাচার ও সৌজন্যতাবোধ নেই। কারণ আমি বলেছি- খালেদা জিয়ার জন্মদিন ছয়টি। আমি তার কাছে জানতে চাই- একজন সাবেক প্রধানমন্ত্রীর ছয়টি জন্মদিবস কেন? এর আগে ছিল পাঁচটা। সর্বশেষ করোনা পরীক্ষার সময় দেখলাম আরেকটা।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব, এখানে শিষ্টাচার ও সৌজন্যতার বিরুদ্ধে কী করলাম? আমি সত্য তুলে ধরলাম। এসব জন্মদিবস আপনাদেরই সৃষ্টি। এগুলো আওয়ামী লীগের সাজানো কিংবা বানানো নয়। করোনা পরীক্ষার সময় জন্মদিবসটা কে লিখেছিল তার উত্তর জানতে চাই।

এ সময় জনগণকে খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন জানানো আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারও শোক দিবসে জন্মদিন পালন করেছেন। এখনও প্রতিশোধ ও প্রতিহিংসার মানসিকতা সরে যায়নি। আপনারা কেক না কাটলেও ফুল দিয়েছেন, মিলাদ মাহফিল করেছেন। মানে হলো ১৫ আগস্ট জন্মদিবস। শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *