ষড়যন্ত্র মিটিয়ে বিশ্বে বাংলাদেশ হবে রোল মডেল: রাসিক মেয়ের

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী করপোরেশন (রাসিক) মেয়ের এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে স্বাধীনতা বিরোধীরা। স্বাধীনতার পর থেকে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। সেই চক্রান্ত নস্যাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে। আরও এগিয়ে যাবে। সকল ষড়যন্ত্র মিটিয়ে দিয়ে বিশ্ব দরবারে রোল মডেল হবে বাংলাদেশ।

১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও এর নেপথ্যের কুশীলবদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন, রাসিক মেয়র।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরও বলেন, আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। অস্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতা দখল করেছে। তারা কিভাবে সরকার গঠন করবে এটা তাদের বিষয়। এটা নিয়ে উৎফুল্ল হওয়ার কিছু নেই।

কিন্তু এদেশ নিয়ে কোন চক্রান্ত হলে তা প্রতিহত করা হবে। যতদিন মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকবে ততদিন কারও কোনো অসৎ উদ্দেশ্য বা ষড়যন্ত্র এই দেশের মাটিতে সফল হবে না।
রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করে মহানগর আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপি এ মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আজকের এই দিনে বাংলাদেশের ৬৩টি জেলায় পাঁচশ’র বেশি বোমা ফাটানো হয়। এই সিরিজ বোমা হামলার উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল। এর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ বিরোধী একটি ক্ষেত্র তৈরির পর ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস এই হত্যকাকাণ্ড ঘটিয়েছিল।

এর পেছনে ছিল জিয়াউর রহমান। বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদদেই জঙ্গিরা ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ঘটিয়েছিল। সে সময়কার সরকারের নির্লিপ্ততায় আজও বিচার পুরোপুরি সম্পন্ন হয়নি। ওই ঘটনায় জড়িতদের বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান এই আওয়ামী লীগ নেতা।

সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার অন্যরা।

মানববন্ধনে মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর