আগামী অক্টোবরে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড উইসেকে। তবে তিনি বিশ্বকাপ মাতাবেন নামিবিয়ার জার্সিতে।
২০১৬ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা গিয়েছিল উইসেকে। এরপর ২০১৭ সালে সাসেক্সের সঙ্গে কলপাক চুক্তি করেন তিনি। এরপর কাউন্টি, দ্য হানড্রেড, আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএলসহ বিশ্বের প্রায় সব টুর্নেমেন্টেই খেলেছেন তিনি।
এবার দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি। উইসের বাবার জন্মস্থান নামিবিয়া হওয়ায় নামিবিয়ার হয়ে বিশ্বকাপে দেখা যাবে ৩৬ বছর বয়সী এই তারকাকে।
ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেট নামিবিয়ার প্রধান নির্বাহী জোহান মুলার। নামিবিয়ার জার্সিতে বিশ্বকাপেই অভিষেক হবে উইসের। তবে এখন পর্যন্ত তারা বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেনি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৬টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন ডেভিড উইসে।
বার্তা বাজার/নব