পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান (টগর) (৪৬) ও আবুল কালাম (৬২) নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার পর সংঘর্ষ শুরু হয়। গুলিবিদ্ধ দুইজনকে পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিএনপি কর্মী ফারুক হোসেন বলেন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এলে পুলিশ বাধা দেয়। এরপর পুলিশ নেতাকর্মীদের ওপর রাবার বুলেট ও গুলি ছুড়ে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়।

গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয় বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তারা চিকিৎসা নিচ্ছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর