রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিহত দুজন সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব। তাদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ঝিলমিল আবাসিক এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের জানান, কেরানীগঞ্জে গতকাল রাতে সন্ত্রাসীরা র্যাবের ওপর আক্রমণ চালায়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যান। তবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, র্যাব-১০ এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি