চুয়াডাঙ্গা পৌর এলাকার পোষ্টঅফিস পাড়ায় দুর্বৃত্তের ক্ষুরের আঘাতে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল রানা ডালিম রক্তাক্ত জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে তাকে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পোষ্টঅফিস পাড়ায় ও সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার বাসিন্দা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোটার।
জানা যায়, সোমবার রাতে সাংবাদিক সোহেল রানা ডালিম ব্যাক্তিগত কাজে শহরের পোষ্টঅফিস পাড়ায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কয়েকজনের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিক ডালিমকে ক্ষুর দিয়ে পিঠে আঘাত করে দুর্বৃত্তরা।
পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসলে জরুরি বিভাগে আবারও দ্বিতীয় দফায় সাংবাদিক ডালিমকে এলোপাতাড়ি ক্ষুর দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা।
চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। পিঠে, কোমরেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/এসজে