ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রলির ডালার ধাক্কায় তামিম (৬) নামে এক শিশু ও সিদ্দিক মুন্সি (৭২) নামে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে।

তামিম বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের বিশু শেখের ছেলে। সোমবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হেলাল মিয়ার তুলার মিলের পাশে এ ঘটনা ঘটে।

এদিকে, রাত সাড়ে ৮টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সিদ্দিক মুন্সী নামে বৃদ্ধ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর ভাটপাড়া সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার বিকেলে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের চরপাড়া মহল্লার বিশু শেখের ছেলে তামিম (৬) বাড়ির পাশে অপেক্ষমাণ ট্রলির ডালা ধরে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিলো। পেছনের ডালাটির হুক লাগানো না থাকায় ডালাটি খুলে গেলে শিশুটির মাথা ও মুখমণ্ডলে প্রচন্ড আঘাত লাগে।

সাথে সাথে শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রলিটির মালিক বোয়ালমারীর বিশিষ্ট ব্যবসায়ী হেলাল মিয়া।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা জানান, রাত সাড়ে ৮টার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক মুন্সী (৭৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত সিদ্দিক মুন্সী ভাটপাড়া বাসস্ট্যান্ডের পাশের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পাড় হওয়ার সময় মাইজকান্দিগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, তামিম নামে শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রচন্ড আঘাতে নাক, মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির মৃত্যু ঘটে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, দু’টি দুর্ঘটনার বিষয়ই আমার জানা ছিলোনা। খোঁজ পেয়ে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর