সিরাজগঞ্জের কামারখন্দে সেনাবাহিনীর পিকআপের সাথে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন।
নিহতরা হলেন, সেনাবাহিনীর করপোরাল মেহেদী হাসান ও সৈনিক দীপংকর। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে ওসি মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যার দিকে সেনাবাহিনীর একটি টহল ভ্যান হাটিকুমরুল এলাকা থেকে ফেরা পথে সীমান্ত বাজার এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরও ৩ জন চিকিৎসাধীন আছেন। দুজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।
বার্তা বাজার/এসজে