লামায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

বান্দরবানের লামায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) উপজেলার সরই ইউপির ৪, ৫ ও ৭ নং ওয়ার্ডের ০৫টি স্থানে অবৈধ বালি উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজা রশিদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এ সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যায়। তবে ঐ স্থানগুলোতে চার লক্ষ ঘনফুটের অধিক বালু জব্দ করা হয়। একই সাথে ৪টি বালি উত্তোলনেরে ড্রেজার ও অনেক পাইপ নষ্ট করা হয়।

এসিল্যান্ড মোহাম্মদ শাহজাহান জানান, লামা উপজেলার সরই ইউপির বিভিন্ন পয়েন্টে কিছু অসাধু বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে নদীর পাড় থেকে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় চার লক্ষ ঘনফুটের অধিক বালু জব্দ করা হয় এবং অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও অনেক পাইপ ধ্বংস করা হয়। তবে ড্রেজার মালিককে পাওয়া যায়নি।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর