বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ৩ বছর পর জামিনে মুক্তি লাভ করেছেন। সোমবার (১৬ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন তিনি।
বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন ইসহাক সরকারের ঘনিষ্ঠজন ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুর রহমান শাকিল।
তিনি জানান, দীর্ঘ ১১৩৫ দিন পর সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে কারামুক্ত হন ইসহাক সরকার। তার বিরুদ্ধে মোট ৩১৩টি মামলা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সরকার দায়ের করেছে। সর্বশেষ রমনা থানায় দায়ের করা মামলায় তিনি জামিন লাভ করেন।
ইসহাক সরকারের মুক্তির বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেফতার করা হয়। গত ১৯ জুলাই সকল মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর সোমবার তিনি কারামুক্ত হলেন।
বার্তা বাজার/এসজে