ঢাকার কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইলফোন ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ডাকাত সরদার আরিয়ান খান অপু ওরফে বস মারুফ, মোঃ রোমান, আসিফ, ছোট মারুফ, শহীদ, নাসির, রাজিব ও আনছার।
সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহবুদ্দিন কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগষ্ট রাত ১১ টার দিকে কেরানীগঞ্জের কলাতিয়া আকসাইল রোডে গাছ ফেলে ডাকাতির পরিকল্পনা করছিলো একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব হাবিবুর রহমান ও তার স্ত্রী।
ডাকাতরা তাদের গাড়ি রোধ করে ড্রাইভারকে মারধর করে এবং তাদের সাথে থাকা মোবাইল ফোন, নগদ ৫ হাজার ২০০ টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।
এসময় ডাকাতরা ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী আরো বেশ কয়েকটি গাড়িরোধ করে ডাকাতি করে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম মামলাটির তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে ডাকাত কালুকে গ্রেফতার করা হয়।
কালুর দেয়া তথ্য অনুযায়ী ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে উক্ত ডাকাত দলের আরো ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
এরপরে ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এবং ডাকাত সর্দার বস মারুফের বাসা থেকে লুন্ঠিত টাকা ও কানের দুল উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহবুদ্দিন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা কেরানীগঞ্জের কয়েকটি স্থানে গত ৩/৪ মাস ধরে নিয়মিত ডাকাতি করে আসছিলো। তবে এ ব্যাপারে অনেকেই থানায় অভিযোগ করেনি।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। উদ্ধার অভিযান এখোনো অব্যহত আছে বলে জানান তিনি।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি