নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ৩

নোয়াখালীর সুবর্ণচরের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি আক্তার (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় ৩জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নে নুরুল হক এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রনি আক্তার উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ১নং ওয়ার্ড বাসিন্দা নুরুল হক এর মেয়ে। সে চরআমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হচ্ছে নিহত রনির দাদি নুরজাহান বেগম(৭০) চাচাতো বোন সোনিয়া আক্তার(১৩) ও তানিয়া আক্তার (৮)। এনিয়ে এলাকায় চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে নুরুল হক তার পরিবারের লোকজন নিয়ে
পুকুর পাড়ে তুলাগাছ কাটতে গেলে বিদ্যুতের লাইনের সাথে লেগে যায়। তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি আক্তারসহ ৪জন আহত হয়। আহতদের দ্রুত চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করে এবং অপর ৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন জানান,তারা নিজেরা পারিবারিক ভাবে কাজ করেছিল। অসাবধানতা বসত হঠাৎ বিদ্যুৎ লাইনের সাথে লেগে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউল হক জানান, ঘটনাটি আমরা জেনেছি এবং ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এম.এস আরমান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর