মেয়ের আত্মহত্যা, ২ ঘন্টা পর বাবাও একই পথে

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র ২ ঘন্টার মধ্যে বাবা ও মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার (১৫ আগস্ট) বিকালে উপজেলার ঝাটিবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষপান করে নিহত ওই নারীর নাম জান্নাতি আক্তার হ্যাপি (১৯)। আর তার বাবার নাম জাকির হোসেন (৪৮)।

জানা যায়, রোববার বিকালে পরকীয়ায় আসক্ত স্বামীর সাথে অভিমান করে বিষপান করেন জান্নাতি আক্তার হ্যাপি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মেয়ের এমন মৃত্যুর সংবাদ শুনে সইতে না পেরে বাবা জাকির হোসেনও (৪৮) বাড়ির লোকজনের অজ্ঞাতে বিষপান করেন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

হ্যাপির বিষপানে মৃত্যুর ঘটনায় তার দাদা মান্নান হাওলাদার বাদী হয়ে স্বামী মামুন হাওলাদারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার দায়ে একটি মামলা দায়ের করেন। একই রাতে মামুনকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানান, হ্যাপির যখন মাত্র ৩ মাস বয়স তখন সুপারি গাছ থেকে পরে গিয়ে পঙ্গুত্ব বরণ করেন জাকির হোসেন। এরপর হ্যাপির মা অন্যত্র চলে যান। শিশু হ্যাপির মঙ্গলের কথা ভেবে আর বিয়ে করেননি তার বাবা। মেয়েকে বড় করে বিয়ে দেন তারই ভাগ্নে মামুনের সাথে। তাদের ঘরে রাইসা নামের একটি কন্য সন্তানও রয়েছে বছর তিনেক বয়সের।

কিন্তু সম্প্রতি মামুন পরকীয়ায় জড়িয়ে পড়লে তাদের সংসারে দেখা দেয় কলহের। এ নিয়ে অভিমান করেই হ্যাপি বিষপান করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি আত্মহত্যা প্ররোচনা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনা মামলায় হ্যাপির স্বামী মামুনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর