ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় আম বোঝাই ট্রাকে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় দু’জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে র্যাব-১০ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি আম বোঝাই ট্রাকে করে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুর আড়াইটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে ৭৪ লাখ টাকা মূল্যের ৭৪৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন, মোঃ ইমাদুল হক (৩৫) ও মোঃ বশিরুল (৪৩)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ এক হাজার বিশ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি