রেমিট্যান্স বিতরণ সহজ করতে এনসিসি ব্যাংকের সাথে প্রবাসী কল্যাণ ব্যাংকের চুক্তি

প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল শাখা থেকে প্রবাসীদের রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সহজ করতে এনসিসি ব্যাংকের সাথে প্রবাসী কল্যাণ ব্যাংকের চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাথে প্রবাসী কল্যাণ ব্যাংকের এ চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাস আয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করোনা মহামারীর কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব চললেও প্রবাস আয়ের ধারা উর্ধ্বমুখি। দেশের উন্নয়নে প্রবাস আয় তথা বৈদেশিক কর্মসংস্থানের অবদান টিকিয়ে রাখতে হলে প্রবাসীদের অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন সহযোগিতা প্রদান করতে হবে। এরই অংশ হিসেবে প্রবাসীদের রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সহজ করতে এই চুক্তি করা হয়েছে। তিনি আশা ব্যক্ত করে বলেন, এই চুক্তির ফলে প্রবাসীরা উপকৃত হবে।

এতে আরো বক্তব্য রাখেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং এনসিসি ব্যাংকর ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রহমান।

এরপর প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং এনসিসি ব্যাংকের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রহমান এ চুক্তিটিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, এই চুক্তি স্বাক্ষরের ফলে এখন হতে বিভিন্ন Exchange House এর মাধ্যমে সুবিধাভোগীরা প্রবাসী কল্যাণ ব্যাংক এর ৮৬টি শাখা হতে বিদেশ হতে প্রেরিত রেমিটেন্স সরাসরি গ্রহণ করতে পারবেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর