নকলা পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন রোববার পৌরসভার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর মেয়র মো. হাফিজুর রহমান প্রারম্ভিক স্থিতিসহ ৪৬ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ২২৫ টাকা সম্ভাব্য আয় ও ৪৬ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা সম্ভাব্য ব্যয়ের খাতসহ গত অর্থবছরে পৌরসভায় করা উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন। এ বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ রাজস্ব হতে ৪ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৭৩৬ টাকা এবং উন্নয়ন কর্মসূচীতে সরকারি-বেসরকারি সহায়তা হতে প্রারম্ভিক স্থিতিসহ ৪১ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৪৮৯ টাকা আয়ের আশাবাদ ব্যক্ত করেন।

এতে রাজস্ব হতে ৪ কোটি ৩৬ লাখ টাকা এবং উন্নয়ন কর্মসূচীতে সরকারি-বেসরকারি সহায়তা হতে ৪০ কোটি ২০ লাখ সম্ভাব্য আয় ধরা হয়েছে। এছাড়া রাজস্ব খাতের প্রারম্ভিক স্থিতি ৭২ লাখ ২১ হাজার ৭৩৬ টাকা ও উন্নয়ন খাতের প্রারম্ভিক স্থিতি রয়েছে এক কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ৪৮৯ টাকা।

আর ব্যয়ের খাতে রাজস্ব আয় হতে ৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে, যেখানে সমাপ্তি জের ৩১ লাখ ৫১ হাজার ৭৩৬ টাকা। এছাড়া উন্নয়ন তহবিল হতে ৪১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের আশা করা হয়েছে, যেখানে সমাপ্তি জের ২৭ লাখ ৩৫ হাজার ৪৮৯ টাকা।

ওয়ার্ড কমিশনার (প্যানেল মেয়র) মো. আব্দুল আউয়াল সেলিমের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান। অন্যান্যদের মধ্যে উপজেলা ডিভেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক কবি-কলামিষ্ট তালাদ মাহমুদ, ডা. জাহানারা মমতাজ, বাবু ইন্দ্রজিৎ কুমার ধর, আম্বিয়া খাতুন, টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ, পৌর ওয়ার্ড কমিশনার মো. ছায়েদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম ও স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর