ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ২টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন খাল,বিল থেকে স্যালো মেশিন চালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় অসাধু কিছু বালু ব্যবসায়ী।
এতে করে এলাকার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, কৃষিজমি, বসতবাড়ি ইত্যাদি হুমকির মুখে পড়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে নগরকান্দা পৌরসভার বালিয়া এলাকা থেকে ২টি স্যালো মেশিন চালিত মিনি ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করে। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে। অভিযানকালে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি