নীলফামারীতে দীর্ঘদিন বন্ধ থাকা বিনোদন পার্ক গুলোর খোলার প্রস্তুতি চলছে
নীলফামারীর সৈয়দপুরে কোভিড-১৯ এর কারনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ব্যাক্তি মালিকানায় গড়ে ওঠা ৩টি বিনোদন পার্ক। আয়-রোজগার না থাকায় কর্তৃপক্ষ ছাঁটাই করেছে কর্মচারীদের। ফলে রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হয়ে গেছে বিনোদনের বিভিন্ন রাইডস। এতে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিতে বিনোদন পার্কের মালিকরা পুঁজি হারিয়ে হতাশায় ভুগছে।
আগামী ১৯ আগস্ট থেকে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হচ্ছে। এমতাবস্থায় ব্যস্ত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রের মালিক-কর্মচারীরা। নষ্ট হয়ে যাওয়া রাইডসগুলো পূর্ণরায় সচল করার জন্য মেরামতের কাজ চলছে। নতুন উদ্যোমে ফুলের বাগান, সুইমিং পুল ও চলাচলের রাস্তাগুলো পরিচর্যায় ব্যস্ত কর্মচারীরা।
সৈয়দপুর থিম পার্কের ম্যানেজিং ডিরেক্টর আবু বাশার মোঃ সাঈদ জানান, ইতিমধ্যে প্যাডেল ও ইলেকট্রোনিক্স বোট, ব্যালেরিনা, স্পাইডার, পাইরেট শিপ, জ্যাম্পকিং ক্যাসেল, কিডস রাইটস, রেসিং কার, কিডস ট্রেন রাইডসের ৩০ শতাংশ বিকল হয়ে গেছে।
যা মেরামত করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে। সরকারের আর্থিক সহায়তা না পেলে এসব মেরামত করে একসাথে পূনঃরায় চালু করা কঠিন হয়ে পড়বে। তিনি সরকারের নির্দেশনা যথাযথ পালন করে পার্কে দর্শনার্থী প্রবেশ করার বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান।
নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, লকডাউনের জন্য সরকার কঠোর বিধি নিষেধ জারি করায় বন্ধ ছিল এসব বিনোদন কেন্দ্র। ইতিমধ্যে বিনোদন পার্ক খোলার নির্দেশনা জারি করেছে সরকার। বিনোদন কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি যেন উপেক্ষিত না হয় সেজন্য প্রতিনিয়ত মনিটরিং করা হবে।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি