আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আজকে জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। জনগণের নেত্রী খালেদা জিয়াকে তারা জনগণের সামনে আসতে দেওয়া হচ্ছে না। তিনি যেন রাজনীতিতে সক্রিয় হতে না পারেন এজন্য সরকার ষড়যন্ত্র-চক্রান্ত করছে।
মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, এই ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ হবে। আবারও জনগণকে সঙ্গে নিয়ে যে ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় শক্তি দেশের মানুষের ওপর চেপে বসে আসে, তাদের পরাজিত করতে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া।
তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকার দেশনেত্রীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা যেটি ১/১১ অবৈধ সরকারের আমলে করা হয়েছিল, সেই মামলায় সাজা দিয়ে জনগণ থেকে দূরে রাখার জন্য তাকে অন্তরীণ করে রেখেছে।
বিএনপির এই নেতা আরও বলেন, খালেদা জিয়া প্রায় তিন বছর এই অন্তরীণ একটা অবস্থা অতিক্রম করছেন। এ সময়ে তিনি করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারে কাছে বলা হলেও তারা তাকে যেতে দেয়নি।
বার্তা বাজার/নব