আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে ও সতর্কতার সঙ্গে সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আফগানিস্তানের তালেবান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভয়ের কিছু নেই। তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। জঙ্গিবাদ দমনে আমাদের সক্ষমতা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তালেবান তাদের অতীতের কালো অধ্যায় থেকে সরে আসবে বলেই আশা করছে বাংলাদেশ। তালেবানদের আচরণ পর্যালোচনা করে দেশটির অন্তবর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা চাই না বর্তমান পরিস্থিতিতে কোনো বাংলাদেশি নাগরিক আফগানিস্তান সফর করুক। আফগানিস্তানে দেশটির জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এমনটাই চায় বাংলাদেশ।
বার্তা বাজার/নব