বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশটা আরও আগে উন্নত হতো: রাসিক মেয়র
বঙ্গবন্ধু হাজার বছরের নয়; সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি ছিলেন উচ্চ মানবিক গুনসম্পন্ন একজন উদার, সাহসী, ত্যাগী ও দেশপ্রেমিক নেতা। সাধারণ মানুষের প্রতি ছিলো তার অগাধ ভালোবাসা ও মমত্ববোধ। বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার।
বাঙালির অধিকার আদায়ের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন নেতা। গণমানুষের অধিকার আদায়ে তিনি সারা জীবন কাজ করে গেছেন। কিন্তু বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে জাতিকে নেতৃত্ব শূণ্য করার অপপ্রয়াস চালানো হয়েছিল। দেশের অভ্যান্তরের স্বাধীনতা বিরোধী চক্র ও যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বেঁচে থাকলে দেশটা আরও আগে আরও অনেক বেশি উন্নত হতো।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন-রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর আয়োজনে সোমবার (১৬ আগস্ট) দুপুরে ইউনিয়ন কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরইউজে সভাপতি কালের কণ্ঠের ব্যুরো চিফ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার তানজিমুল হকের সঞ্চালনায় বক্তব্যে রাখেন-আরইউজের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুস্তাফিজুর রহমান খান, আরইউজের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আরইউজের সহ-সভাপতি দৈনিক সোনালি সংবাদের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি