তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশ ছাড়তে শুরু করেছে আফগানরা। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে।
এদিকে ভিড় কাটিয়ে বিমানে উঠার চেষ্টার মধ্যেই পাঁচ জন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তারা কিভাবে মারা গেছেন সেটা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, একটি গাড়িতে পাঁচ মৃত ব্যক্তিকে উঠানো হয়েছে। তারা গুলিতে নাকি ভিড়ের চাপে মারা গেছেন সেটা স্পষ্ট নয়।
এর আগে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা এড়াতে ফাঁকা গুলি চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা এড়াতে গুলি চালান তারা।
এসব মৃত্যুর ব্যাপারে জানার জন্য তাৎক্ষণিকভাবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
উল্লেখ্য, রোববার তালেবান বিদ্রোহীরা দেশটির রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয়। এরপর থেকেই দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান হামিদ কারজাই বিমানবন্দরটিতে জড়ো হন।
বার্তা বাজার/নব