তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশ ছাড়তে শুরু করেছে আফগানরা। কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা এড়াতে ফাঁকা গুলি চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা।
সোমবার (১৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এ গুলির ঘটনা ঘটে। দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে জড়ো হন আফগানরা। এ সময় কাবুল বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়।
বিশৃঙ্খলা থামাতে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি রয়টার্সকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা এড়াতে গুলি চালান তারা।
এদিকে মার্কিন সেনারা তাদের সামরিক বিমানে শুধু দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার তালেবান বিদ্রোহীরা দেশটির রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয়। এরপর থেকেই দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান হামিদ কারজাই বিমানবন্দরটিতে জড়ো হন।
বার্তা বাজার/নব