ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতি। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত বেড়ে ১ হাজার ২৯৭ জন দাঁড়িয়েছে। এ ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছে তিন হাজার মানুষ।
আর্ন্তজাতিকে একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) ৭ দশমিক ২ মাত্রায় এক ভয়াবহ ভূমিকম্প হয়।
ভূমিকম্পে শত শত বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ধসে। হাসপাতালগুলোতে আহত মানুষের স্থান সংকুলান হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি দেশটিতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ বলে আখ্যায়িত করে। এছাড়া হাইতির প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন এবং দেশবাসীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে হাইতির সিভিল প্রটেকশন সার্ভিস জানায়, ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। তবে সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভূমিকম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন । তাৎক্ষণিকভাবে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের পরিচালক সামান্থা পাওয়ারকে হাইতিকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।
দেশটির ইতিহাসে ২০১০ সালে ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
বার্তা বাজার/টি