রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। লড়াইয়ে জিতে এবার আফগানিস্তানের নাম পরিবর্তন করতে যাচ্ছে তারা। দেশটির নতুন নাম হবে ‘ইসলামিক অ্যামিরেটস অব আফগানিস্তান’।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা তালেবানদের উদ্ধৃত করে জানিয়েছে, খুব দ্রুতই আফগানিস্তানের নতুন নাম ‘ইসলামিক অ্যামিরেট অব আফগানিস্তান’-এর ঘোষণা করা হবে। কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তালেবান নেতারা এই ঘোষণা দেবেন।
এর আগে কাবুল পতনের মুখে দেখে আগেই দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এরপর তালেবানকে বিজয়ী ঘোষণা করেন তিনি।
রোববার তালেবানের মুখপাত্র মোহাম্মদ নায়েম বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। যুদ্ধ শেষ হয়েছে। আমরা দেশের স্বাধীনতা এবং জনগণের মুক্তি চেয়েছিলাম। এই স্বাধীনতা আমাদের দেশের, দেশের জনগণের। তালেবান বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। তারা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায়।
এদিকে তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এক সাক্ষাৎকারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, তালেবাদের সঙ্গে আমেরিকা কাজ করতে প্রস্তুত, তবে এর আগে তাদের নিশ্চিত করতে হবে যে সেদেশে কোনোভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে না। কোনোভাবে নারীদের অধিকার খর্ব করা হবে না। সেই সঙ্গে তালেবান সেদেশে জঙ্গিদেরও আশ্রয় দিতে পারবে না।
বার্তা বাজার/নব